৫ মে’র ঘটনার পর দীর্ঘ সময় ঝিমিয়ে থেকে আবার শুরু হয়েছে হেফাজতের কার্যক্রম। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে নেমে পড়েছেন সংগঠন চাঙ্গা করার কাজে। এজন্য বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে চলতি রমজানকে। দেশব্যাপী ইফতার মাহফিল করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটি। খবর দৈনিক সকালের খবরের।
ইফতার মাহফিলের মধ্য দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করার পাশাপাশি আগামী দিনের করণীয় নির্ধারণ ও সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদুল ফিতরের পরই পূর্বঘোষিত ১৩ দফা বাস্তবায়নে চট্টগ্রামে ওলামা সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি মাঠে নামবে বলে জানা গেছে।
সূত্রমতে, চলতি রমজানে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শাখাভিত্তিক ইফতার মাহফিলের আয়োজন করে চলেছে হেফাজতে ইসলাম। কেন্দ্রের নির্দেশে এ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের আন্দোলনের সঙ্গে সমন্বয় রেখে সরকারবিরোধী কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে হেফাজতের প্রত্যেকটি শাখা।
হেফাজতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ মুনতাসির আলী বলেন, রমজান শেষে ঈদের পর সপ্তাহখানেকের মধ্যেই হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রামে ওলামা সমাবেশের ডাক দেবেন। এ সমাবেশ থেকেই নতুন কর্মসূচির ঘোষণা আসবে। এ ঘোষণা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামবে হেফাজতে ইসলাম।




0 comments:
Post a Comment