সাভার (ঢাকা) : বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করতে গেলে সাভারে ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
এ সময় ওই ভবনধসের ঘটনায় আহত শ্রমিক ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরাও লাঠিপেটার শিকার হন। ঈদের বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে তারা সকাল থেকেই সেখানে বিক্ষোভ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাস এবং আহত ও নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করছেন রানা প্লাজার ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং আহত ও নিখোঁজদের স্বজনেরা।
সোমবার সকাল ১০টার দিকে চার শতাধিক শ্রমিক এবং নিখোঁজ ও আহত শ্রমিকদের স্বজনরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। পরে তারা একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে উপজেলা পরিষদের দিকে রওনা হন। মিছিলটি পাকিজা ডায়িংয়ের কারখানার সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয় ও শ্রমিকদের পিছু হটতে বাধ্য করে। মিছিলটি রানা প্লাজার দিকে ফিরে যাওয়ার সময় একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করতে থাকে।
এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পরে শ্রমিকদের কিছু অংশ বিচ্ছিন্নভাবে রানা প্লাজার ওই স্থানের সামনে অবস্থান নেন।
এ ব্যাপারে সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, ঈদের আগে সড়কে অবস্থান নিলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো মানুষ দুর্ভোগের শিকার হতে পারেন। এ কারণেই ভয় দেখিয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তিনি শ্রমিকদের লাঠিপেটা করার বিষয়টি অস্বীকার করেছেন।
অন্যদিকে, আন্দোলনরত শ্রমিকরা জানান, ভবনধসের পর ওই ভবনে থাকা কারখানাগুলোর শ্রমিকরা বেকার জীবন কাটাচ্ছেন। বেতনভাতা বা ক্ষতিপূরণ না দেওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। আহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তারা আন্দোলন করছেন।





0 comments:
Post a Comment