বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » , » আইন ভেঙে সরকারের সঙ্গে সাংসদের বাণিজ্য

আইন ভেঙে সরকারের সঙ্গে সাংসদের বাণিজ্য

ভোলা-৩ আসনের সরকারদলীয় সাংসদ নূরুন্নবী চৌধুরী ওরফে শাওনের ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকা সিটি করপোরেশনের সড়ক উন্নয়নে প্রায় ৪৩ কোটি টাকার কাজ পেয়েছে। অভিযোগ উঠেছে, যথাযথ প্রতিযোগিতা ছাড়াই সাজানো দরপত্রের মাধ্যমে সাংসদের প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। তা ছাড়া আইন অনুযায়ী, কোনো সাংসদ সরকারের সঙ্গে ব্যবসা করতে পারেন না।
সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গ্রন্থের সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সরকারের সঙ্গে কোনো ব্যক্তির ব্যবসায়িক সম্পর্ক থাকলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং থাকার যোগ্য হবেন না।
এর আগে আইন ভেঙে সরকারের সঙ্গে ব্যবসা করায় দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সরকারদলীয় সাংসদ এনামুল হকের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিল। তাঁর প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ রাজশাহী সিটি করপোরেশনের বহুতল ভবন নির্মাণ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকের প্রায় ৬১টি বহুতল ভবন নির্মাণে দুই হাজার কোটি টাকার কাজ পায়। এই প্রকল্পেই ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদের মালিকানাধীন প্রতিষ্ঠান হামিদ রিয়েল এস্টেটও কাজ করছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম সাংসদ নূরুন্নবী চৌধুরীর প্রতিষ্ঠান নাওয়াল কনস্ট্রাকশনকে কাজ দেওয়ার কথা স্বীকার করেন। সাংসদের প্রতিষ্ঠানকে কেন কাজ দেওয়া হলো? জবাবে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের দরপত্রে তো এমপি লেখা বা সিল মারা ছিল না। সেটা থাকলে আমরা আমাদের আইন শাখাকে বলতাম পরীক্ষা করে দেখতে।’
যোগাযোগ করা হলে নূরুন্নবী চৌধুরী নিজের নির্বাচনী এলাকায় সরকারের সঙ্গে ব্যবসা করা যাবে না, এমন নিয়ম আছে বলে দাবি করেন। পরে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের কাজ তো সরকারি কাজ না। এখানে কাজ করা যাবে না, কে বলেছে? অনিয়ম আছে কি না সেটা দেখেন। ঠিকাদারি লাইসেন্স তো আমার আজকের না, ১৯৯৪ সাল থেকে। অনেক সাংসদই এভাবে কাজ করে থাকেন।’
সাংসদের প্রতিষ্ঠান যে কাজগুলো পেয়েছেঢাকা সিটি করপোরেশনের ‘ক্ষতিগ্রস্ত সড়ক, ফুটপাত, নর্দমা উন্নয়ন (আমব্রেলা)’ প্রকল্পের অধীনে জয়কালী মন্দির-যাত্রাবাড়ী সড়কে সাত কোটি ২৭ লাখ টাকার পাইপলাইন নির্মাণ এবং বিটুমিনাস কার্পেটিংয়ের ১৪ কোটি টাকার কাজ পেয়েছে নাওয়াল কনস্ট্রাকশন। প্রায় এক মাস আগে এ কাজের দরপত্র হলেও সমঝোতার মাধ্যমে তিনি কাজটি পেয়েছেন বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে।
যাত্রাবাড়ী ও ঢাকার বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্ল্যান্টে (মেশিনের নাম, তবে সড়ক উন্নয়নকাজ) কাজ করছে প্রতিষ্ঠানটি। অ্যাসফল্ট প্ল্যান্টে ২১ কোটি টাকার কাজের মধ্যে বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় সাংসদ ১২ কোটি টাকার কাজ করছেন বলে জানান। গত বছর আমব্রেলা প্রকল্পের অধীনে মাদারটেক-বাসাবো সড়কে সাড়ে তিন কোটি টাকার কাজ করা হয়েছিল। সাংসদ হওয়ার পর মালিবাগ বাজার সড়কেও তিনি কাজ পান। বর্তমানে সেই সড়কটি চলাচলের অনুপযোগী।
সিটি করপোরেশন সূত্র জানায়, আমব্রেলা প্রকল্পে নূরুন্নবী চৌধুরী যে কাজ করছেন, তার অর্থের পুরোটাই জোগান দিচ্ছে সরকার। এই প্রকল্পের আওতায় রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে ২৬৫ কোটি টাকার কাজ হচ্ছে।
এনা প্রপার্টিজের মালিক সাংসদ এনামুল হকের কাজের প্রসঙ্গ টেনে নূরুন্নবী চৌধুরী বলেন, ‘ওই সাংসদ রাজশাহী সিটি করপোরেশনে দরপত্রের শর্ত মেনে কাজ করেননি, সেটা ছিল অনিয়ম। আমি কোনো অনিয়ম করিনি। তা ছাড়া তিনি বিদ্যুৎ খাতেও কাজ পেয়েছিলেন।’
প্রতিযোগিতা ছাড়া সাজানো দরপত্রের মাধ্যমে কাজ পাওয়া প্রসঙ্গে নূরুন্নবী চৌধুরী বলেন, ‘সাত-আটজনের সঙ্গে প্রতিযোগিতা করে কাজ পেয়েছি। প্রতিযোগিতা হয়নি বললে ভুল বলা হবে।’
পাইপলাইনের কাজ শেষ হচ্ছে নাসড়ক বিপর্যস্তজয়কালী মন্দির-যাত্রাবাড়ী এলাকায় আমব্রেলা প্রকল্পে প্রায় চার কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ করছে নূরুন্নবীর প্রতিষ্ঠান। এখানে দুই, আড়াই এবং তিন ফুটের পাইপলাইন বসানোর কথা। ঈদের আগে পুরো কাজ শেষ হওয়ার কথা থাকলেও রাস্তার উত্তর প্রান্তে কাজ শুরুই করা হয়নি। কাজ হয়েছে দক্ষিণ প্রান্তে শহীদ ফারুক সড়ক থেকে সায়েদাবাদ এবং স্বামীবাগের র‌্যাব কার্যালয় থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যন্ত।
দায়িত্বশীল সূত্রমতে, পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন করা হলে বৃষ্টির পর পানি নিষ্কাশন সহজ হতো। কিন্তু তা না করায় বৃষ্টি হলে রাস্তায় পানি জমছে। ফলে এলাকায় সম্প্রতি যেসব রাস্তা মেরামত বা বিটুমিনাস কার্পেটিং করা হয়েছে, বৃষ্টি হলে এবং পানি জমলে সেগুলো নষ্ট হয়ে যাবে। কারণ, পানি বিটুমিনাসের শত্রু।
এ প্রসঙ্গে নূরুন্নবী চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও সিটি করপোরেশনকে বলেছি। কিন্তু সময়মতো কার্যাদেশ দেওয়া হয়নি।’
প্রধান প্রকৌশলী বলেন, পাইপলাইন বসাতে হলে রাস্তা খুঁড়তে হবে। তাই যানজটের কথা ভেবে এ কাজ এখনো শুরু করতে বলা হয়নি।
আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যা ঘটনার পর থেকে সাংসদ নূরুন্নবী চৌধুরী আলোচিত-সমালোচিত। ২০১০ সালের ১৩ আগস্ট সংসদ ভবন চত্বরে সাংসদের গাড়ির ভেতরে সাংসদের পিস্তলের গুলিতেই নিহত হন ইব্রাহিম। কিন্তু সাংসদকে এ মামলার আসামি করা হয়নি।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন