ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার তালিকায় দেখা যায়, কামারুজ্জামানের মামলার রায় দেয়ার জন্য এটিকে বৃহস্পতিবারের কার্যতালিকায় রাখা হয়েছে।
পরে বেলা ১১টা ১৮ মিনিটে চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেন, ‘রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।’
এরআগে গত ১৬ এপ্রিল যে কোনো দিন কামারুজ্জামানের মামলার রায় দেয়া হবে মর্মে সিএভিতে রেখে দেন দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
কামারুজ্জামানের আইনজীবী ও প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
গত বছরের ৪ জুন কামারুজ্জামানের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
২০১০ সালের ২৯ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।




0 comments:
Post a Comment