ঢাকা: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র টাকায় ও বিএনপি-জামায়াতের মদদে হেফাজতে ইসলাম মতিঝিলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এই ঘটনায় যে যত বড় নেতাই হোক না কেন তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর জিরো পয়েন্টের সামনে বাংলাদেশ শ্রমিক লীগ আয়োজিত হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশে কামরুল ইসলাম এসব কথা বলেন।
বায়তুল মোকাররমে নাস্তিকদের কোনো বই থাকে না, ধর্মীয় বই থাকে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একটি পশুশক্তি ধর্মীয় বই পুড়িয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের ঈমানী দায়িত্ব।
এ সময় তিনি সকল শক্তি দিয়ে এই অপশক্তিকে মোকাবিলা করার জন্য সবার প্রতি আহবান জানান।
এই ঘটনায় হাজার হাজার লোক নিহত হয়েছে বিএনপির এমন অভিযোগকে মিথ্যাচার উল্লেখ করে কামরুল বলেন, এই জঘন্যতম মিথ্যাচার যারা করছে, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, বিএনপির আলটিমেটাম ব্যর্থ হয়েছে। তারা আবারো আলটিমেটাম দিবে। তবে যতই আলটিমিটাম দেয়া হোক না কেন কোনো লাভ হবে না। আওয়ামী লীগকে আলটিমেটাম দিয়ে কিছু হয় না।
এ সময় বিএনপির প্রতি প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, ‘কাদের আপনারা আলটিমেটাম দেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগের একটি নেতাকর্মীও বেঁচে থাকতে আপনাদের আলটিমেটাম সফল হতে দেবে না। তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে।’
শ্রমিক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, কৃষক নেতা শেখ মো. জাহাঙ্গীর আলম, কৃষকলীগের সহ-সভাপতি এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।




0 comments:
Post a Comment