ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে ১/১১’র ভয় দেখাচ্ছেন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রশ্ন রেখে বলেছেন, ‘খালেদা জিয়া জেলে গেলে আপনি কি স্বর্গে থাকবেন?’
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষ অত্যন্ত উদ্বেগ্ন ও উৎকণ্ঠায় রয়েছে। গণতন্ত্রের ওপর আঘাত করে সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনের প্রতি কোনো তোয়াক্কা না করে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন।’
ফের ১/১১ আসলে বিরোধীদলীয় নেতাকে জেলে যেতে হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আপনি খালেদা জিয়াকে জেলের ভয় দেখাচ্ছেন? আবার যদি ১/১১ আসে, খালেদা জিয়া জেলে গেলে আর আপনি স্বর্গে থাকবেন?’
‘ওই সরকার আপনাকে জামাই আদর করবে? তা কোনো দিনও হতে পারে না’ যোগ করেন বিএনপির সিনিয়র এই নেতা।
তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলবো- এসব উল্টাপাল্টা কথা বন্ধ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন দিন। দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনুন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এর পরেও দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হলে বিএনপি তা প্রতিহত করতে যা যা করা প্রয়োজন সবই করবে।’
তিনি বলেন, ‘আমরা যে কর্মসূচি (হরতাল) ঘোষণা করেছি, তা প্রত্যাহার করবো। তবে তার আর আগে সরকারকে নির্দলীয় সরকার দাবি মেনে নিতে হবে। এরপর নির্দলীয় সরকারের প্রধান নিয়ে আমরা আলাপ-আলোচনা করবো।’
বিএনপি সাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনে বিশ্বাসী দল এমন দাবি করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘প্রকাশ্যে পিস্তল নিয়ে ছাত্র-যুবলীগ পুলিশ পাহারায় মিছিল করে। অথচ আমাদেরকে কোনো মিছিল করতে দেওয়া হয় না। এমনকি পার্টি অফিসের সামনেও কাউকে দাঁড়াতে দেয় না।’
তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপি নেতাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই কারণেই আন্দোলনে কিছুটা ভাটা পড়েছে, আর তা খুবই স্বাভাবিক। আমরা আন্দোলনকে একটি স্তরে রাখতে চাই। তবে এটাকে দুর্বলতা মনে করার সুযোগ নেই।’
নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের ঘোষিত রবিবারের হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ হিল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জে. (অব.) রুহুল আমিন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি জয়নুল আবেদিন, নিউনেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সংসদ সদস্য শাম্মি আক্তার প্রমুখ।




0 comments:
Post a Comment