ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা বুধবারের হরতালের সমর্থনে মঙ্গলবার রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
এছাড়া রাজধানীর নীলক্ষেত্র, মহাখালী, আরামবাগ, গুলশানসহ অন্তত ২০টি স্থানে গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নীলক্ষেতে র্যাবের গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এছাড়া মহাখালীতে বাসে, আরামবাগ ও গুলশান এলাকায় প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ডাকা বুধবারের দেশব্যাপী হরতালের আগের দিন মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এসব ঘটনা ঘটে।
এদিকে, মঙ্গলবার সকালে হরতাল সমর্থনে রাজধানীর শান্তিনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল। তবে মিছিল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এছাড়া কমলাপুর ও মতিঝিলে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও যুবদল।
মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, ‘হরতাল সমর্থকরাই আতঙ্ক সৃষ্টি করতে আরামবাগ, মহাখালী ও গুলশান এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে।’
এদিকে, ইস্কাটনে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় পুলিশ কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি।
উল্লেখ্য, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারা দেশে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।





0 comments:
Post a Comment