ঢাকা: উপকূলের দিকে আরো এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’। আর ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় জোর প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের ২৩ নম্বর বিশেষ বুলেটিনে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মূলতঃ একই এলাকায় স্থির রয়েছে।
এটি আজ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। বর্তমানে কিছু ধীর গতিতে এগোচ্ছে ‘মহাসেন’। উপকূলের ৪০০ থেকে ৫০০ কিলোমিটার কাছাকাছি আসলে এর গতি আরো বাড়তে পারে।
বুধবার রাতের প্রথম ভাগে ‘মহাসেন’র অংগ্রভাগ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে প্রবেশ করতে পারে। তবে এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা তা নিশ্চিত হতে বিকেল নাগাদ অপেক্ষা করতে হবে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে ০৪ (চার) নম্বর পুনঃ ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ সংক্রান্ত তথ্যের জন্য তথ্য অধিদফতরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরসমূহ হচ্ছে: ৯৫১৪৯৮৮, ৯৫১২২৪৬, ৯৫৪০০১৯। ফ্যাক্স: ৯৫৪০০২৬, ৯৫৪০৪৯৮, ৯৫৪০৫৫৩।




0 comments:
Post a Comment