নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিরোধী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘প্রয়োজনে তারেককে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেয়া হবে।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, তারেক রহমান বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। একজন ফেরারি আসামি হয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন তা আইনের দৃষ্টিতে অপরাধ। তাই তার বির্বদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যত বড় হোক না কেন আইন তার নিজস্ব গতিতে চলবে। তারেক যেখানেই থাকুক ইন্টারপোলের সাহায্য নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কামরুল বলেন, হেফাজত-জামায়াত ও বিএনপি একই সূত্রে গাথা। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের দাবি একই। তারা সরকারের পতন চায়। তাই তাদের সবার ব্যাপারে সরকার একইভাবে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া নিজে ধর্ম মানেন না। অথচ হেফাজতের ১৩ দফার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছেন।
সংগঠনের উপদেষ্টা হাজী মোঃ সেলিমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, সংগঠনের উপদেষ্টা সৈয়দা রাজিয়া চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।




0 comments:
Post a Comment