ঢাকা: সংলাপ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের পর বিরোধী দল এ বিষয়ে লিখিতভাবে জানানোর আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘কোনো কোনো বিষয়ে আলোচনা করতে চান, তার বিষয়বস্তু সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করুন। পরে তা বিএনপির কাছে আনুষ্ঠানিকভাবে পাঠালে আমরা সেই প্রস্তাব বিবেচনা করব।’
এরআগে বৃহস্পতিবার ধালকাঠী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে সংলাপে বসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘যেখানে খুশি বসি। আমি মনে করি, পার্লামেন্ট সবচেয়ে ভালো জায়গা, নিরপেক্ষ জায়গা। আসুন বসি। আপনাদের দাবি-দাওয়া শুনি।’
এর কয়েক ঘণ্টা পর সংবাদ সম্মেলন ডেকে খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আলোচনার কি দরকার? তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দিলে আলোচনার ক্ষেত্র তৈরি হবে ও আলোচনা ফলপ্রসূ হবে।’
সাভারের ধসেপড়া ভবন পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্য তৌহিদ জং মুরাদকে কাছে ভিড়তে না দেয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তবে প্রশ্ন রেখে শামসুজ্জামান দুদু বলেন, ‘তাকে এখন গ্রেপ্তার করতে সমস্যা কোথায়? সাভার থানার ওসি ও টিএনও-কেও গ্রেপ্তার করুন।’
সাভার পৌর মেয়র রেফায়েত উল্লাহকে অব্যাহতি দেয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘ভবনে ফাটল দেখা দেয়ার সঙ্গে সঙ্গে রেফায়েত উল্লাহ তা সিলগালা করে দিয়েছিল। পরে সোহেল রানা তা খুলে দেন।’
চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গির কারণে তার দিকে সরকার দৃষ্টি দিয়ে, তাকে এখন মেয়রের পদ থেকে অব্যাহতি দিয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার ও তকদির হোসেন জসিম।





0 comments:
Post a Comment