ঢাকা: শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে জনগণ ১৮ দলীয় জোটের হরতাল সফলে রাস্তায় নেমে এসেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা আইয়ুব খান ও ইয়াহিয়ার ভাষায় কথা বলছেন। গাড়ি ভাঙচুর ও সহিংসতার উস্কানিদাতা হিসেবে বিএনপিকে নয়, সরকারকে চিহ্নিত করা যায়।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল নিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
তিনি আরও বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, যুবলীগ ও ছাত্রলীগ মারমুখী আচরণ করছে। তারা আমাদের দাঁড়াতেই দিচ্ছে না। উল্টো তারা গণতন্ত্রকামীদের সন্ত্রাসী বলছে।
চেয়ারপারসনের এই উপদেষ্টা অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না।
হরতালকে কেন্দ্র করে এ পর্যন্ত ৬০/৭০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া সরকারি লোকদের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।
গণহত্যা বন্ধ, নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে সকল সমস্যার সমাধান হবে বলেও মত দেন শামসুজ্জামান দুদু।
অত্যাচার-নির্যাতন করে জনগণের আন্দোলন সরকার দমাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এই সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুল রহমান শামীম ও নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম।




0 comments:
Post a Comment