হুসাইন মাহমুদ
সিলেট, ১৫ এপ্রিল : সিলেটে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। প্রতিবাদে সিলেট জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে মহানগর বিএনপি।
সোমবার দুপুরে বিএনপির এই দুই নেতা সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ম হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেনের আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন না মঞ্জুর হওয়ার পর আদালত পাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
এর আগে সকাল ১০টার দিকে জামিনের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেটের আদালতে এই দুই নেতা হাজির হলে মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত দুপুর আড়াইটায় মামলার পুর্ণাঙ্গ শুনানির সময় নির্ধারণ করেন।
এর আগে ডা: শাহরিয়ার ও কয়েস লোদী হাইকোর্ট থেকে একটি মামলায় ৪ সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হয়। তারা আদালত প্রাঙ্গণে অবস্থানকালে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গনে উপস্থিত হন।
গত ২২ ফেব্রুয়ারি নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে কোর্ট পয়েন্ট থেকে তৌহিদী জনতার ব্যানারে বের করা মিছিল থেকে শহীদ মিনারে হামলা হয়। এসময় পুলিশের সাথে সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দায়েরকৃত দুইটি মামলায় অন্যান্যদের সঙ্গে ডা. শাহরীয়ার হোসেন চৌধুরী ও কয়েস লোদীকে আসামি করা হয় ।
বেলা আড়াইটায় দ্বিতীয় দফা শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জামিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এপিপি শামসুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট হাবীবুর রহমান, রেজাউল করিমসহ অর্ধশত আইনজীবী অংশ নেন।




0 comments:
Post a Comment