ঢাকা: স্পিকার হিসেবে মনোনয়ন না পাওয়ায় ‘অসন্তুষ্ট’ সংসদ
উপনেতা সাজেদা চৌধুরী। সংসদীয় দলের সভাতেও তিনি তার ক্ষোভ ও অসন্তুষ্টির
কথা জানিয়ে ছিলেন। স্পিকার পদে দল তাকে মনোনয়ন না দেয়ায় রাজনীতি থেকে
অবসরেও যেতে চেয়েছেন। এ নিয়ে দলীয় প্রধানও তার ওপর অখুশী। এতকিছুর পর আজ
সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন সাজেদা চৌধুরী।
তার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট মো. জামাল হোসেন বুধবার দুপুরে ঢাকা
টাইমসকে জানান, নতুন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেটের শপথ গ্রহণ
অনুষ্ঠানে যোগ দেবেন সংসদ উপনেতা। এখন তিনি সংসদে তার কার্যালয়ে কয়েকজন
মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী অসুস্থ বলে কানাঘুষা ছিল।
তিনি এ জন্য বঙ্গভবনে যাবেন না বলেও শোনা যাচ্ছিল। তবে তার ঘনিষ্ঠ একটি
সূত্র জানিয়েছে, স্পিকার হতে না পারায় ‘অসন্তুষ্ট’ সাজেদা চৌধুরী বঙ্গভবনে
যেতে চাচ্ছিলেন না। কিন্তু দলে নিজের ভাবমূর্তির কথা চিন্তা করে সিদ্ধান্ত
পরিবর্তন করেছেন।
গত ২১ এপ্রিল আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় রাজনৈতিক সহকর্মীদের সামনে
সাজেদা চৌধুরী বলেছিলেন, দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে এখন তিনি ক্লান্ত ও
অসুস্থ। তাই রাজনীতি থেকে বিদায় নিতে চান তিনি।
এর আগে সংসদীয় দলের ওই সভায় দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দলীয় মনোনয়ন পান
অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট। ক্ষমতাসীন দলের একাধিক নেতা
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা টাইমসকে জানান, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন
না পাওয়ার কষ্টে সাজেদা চৌধুরী রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে
সহকর্মীদের কাছে বিদায় চেয়েছিলেন।
সাজেদা চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র ঢাকা টাইমসকে জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর
রহমান মারা যাওয়ার পর থেকেই সাজেদা চৌধুরী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দলীয়
মনোনয়ন প্রত্যাশা করতে থাকেন। এ নিয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে জোর লবিংও
চালিয়ে যাচ্ছিলেন তিনি।
আজ বুধবার দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন আবদুল হামিদ
অ্যাডভোকেট। সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে আড়ম্বর অনুষ্ঠানে
দেশের এক নম্বর নাগরিক রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন প্রবীণ এ রাজনীতিবিদ।
জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত স্পিকার কর্নেল (অব.) শওকত আলী
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ
গ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে।




0 comments:
Post a Comment