তাজা নিউজ ঢাকা: আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,
“বিএনপি-জামায়াতের যেসব নেতারা বর্তমানে হত্যার হুমকি এবং দেশের পরিস্থিতি
অশান্ত করতে চাচ্ছেন তাদের জেলে নিলেই দেশের পরিস্থিতি শান্ত হবে।’
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুক্রবার দুপুরে ইমারত নির্মাণ
শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের জাতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে
এসব কথা বলেন তিনি।
বিরোধী দলের নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের আচরণের ওপর নির্ভর
করবে কে জেলের বাইরে থাকবে আর কে থাকবে ভিতরে। যে যতো বড় নেতাই হোন না
কেন, আপনারা যে পথে হাঁটছেন তা কঠোর হস্তে দমন করা হবে।’
কামরুল বলেন, ‘একটি রাজনৈতিক দলের অধিকাংশ নেতা জেলে বন্দী এটা খুবই
দুঃখজনক। কিন্তু আসলে যারা বন্দী তারা রাজনৈতিক দলের আবরণে সন্ত্রাসীদের
নেতা।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার বানচালে উন্মাদ হয়ে
গেছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ৭৫’এর দিকে নিয়ে যেতে চাইছে। তাই
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।’
সংগঠনের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত
সেনগুপ্ত, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও বাংলাদেশের ট্রেড ইউনিয়ন
কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী।
0 comments:
Post a Comment