সাভার: আগামী ২ মের হরতাল প্রত্যাহারে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। যখন এদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চলছে, তখনই হরতাল দিল।’ তিনি মানবিক কারণে এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ধসে পড়া রানা প্লাজার উদ্ধারকাজ পরিদর্শন ও আহত ব্যক্তিদের দেখতে যান।
সোমবার সকালে সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা ধসে পড়া রানা প্লাজার দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন।
এ সময় উদ্ধারকারী দলের সদস্য ও সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাকে উদ্ধারকাজ সম্পর্কে অবহিত করেন।
এরপর সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রানা প্লাজার সামনে থেকে সভারের সম্মিলিত সামরিক হাসপাতালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
এর আগে শেখ হাসিনা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। ভবনধসে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে তিনি কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। তবে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে এ সময় দেখা যায়নি।
প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে সকাল থেকেই রানা প্লাজার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। র্যাবের ডগ স্কোয়াড দিয়েও এলাকাটি তল্লাশি চালানো হয়।
গত ২৪ এপ্রিল সকালে নয়তলা ভবনটি ধসে পড়ার পর নিহতের সংখ্যা সোমবার সকাল পর্যন্ত ৩৮৫ জনে পৌঁছেছে। রবিবার রাত থেকে দ্বিতীয় পর্যায়ের ভারী সরঞ্জামের মাধ্যমে ধ্বংসস্তূপ সরানো শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কার্যত শেষ হয়েছে জীবিতদের সন্ধান।
ভবনের মালিক যুবলীগ নেতা সোহেল রানাসহ ভবনে থাকা পোশাক কারখানাগুলোর মালিকদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে আগামী ২ মে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বাম দলগুলো একই দিনে হরতাল ডাকলেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গতকাল রবিবার সোহেল রানার গ্রেপ্তারের পর তা স্থগিত করে।




0 comments:
Post a Comment