তাজা নিউজ
ঢাকা: সরকার দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করেনি- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যকে অসত্য দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পত্রিকাটির সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার পত্রিকাটির স্টাফ রিপোর্টার মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এরআগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করেনি। বন্ধ করার কোন ইচ্ছাও নেই। আমার দেশ প্রকাশে সরকারের পক্ষ থেকে কোন বাধাও নেই। অন্য কোনো প্রেসে পত্রিকা ছাপাতেও বাধা নেই। আইন মেনে ফরম ‘বি’ স্বাক্ষর করে প্রকাশনা চালাতে পারে আমার দেশ।’
তথ্যমন্ত্রী বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, বর্তমান সরকার আইন বহির্ভুতভাবে গত ১১ এপ্রিল রাত সাড়ে ১০টায় দৈনিক আমার দেশ-এর তেজগাঁওয়ে অবস্থিত ছাপাখানায় তালা দেয়। ডিসি অফিসের সার্চ ওয়ারেন্টের কথা বলে দুই ঘণ্টা তল্লাশি শেষে অধিকতর তদন্তের অজুহাতে ডিবি পুলিশের একটি দল ছাপাখানায় তালা দিয়ে চলে যায়।
এরপর বিকল্প ব্যবস্থায় আল-ফালাহ প্রিন্টিং প্রেসে আমার দেশ প্রকাশ করা হয়। প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট (ডিক্লারেশন এন্ড রেজিষ্ট্রেশন) ১৯৭৩ অনুযায়ী পত্রিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসনকে অবহিত করা হয়। সেখানে সম্পূর্ণ বেআইনিভাবে অভিযান চালিয়ে পত্রিকার প্রকাশিত সব কপি বাজেয়াপ্ত এবং ১৯ জন বাইন্ডারকে গ্রেপ্তার করে পুলিশ।
‘এমনকি মিথ্যা অভিযোগ এনে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে আসামি করে একটি মামলা দায়ের করে জেলা প্রশাসন। সরকার যে বেআইনিভাবে আমার দেশ পত্রিকা ছাপাতে দিচ্ছে না, উল্লেখিত পদক্ষেপের মাধ্যমে তা স্পষ্ট’ যোগ করে আবদাল আহমেদ।
তিনি বলেন, ‘এতোসব বেআইনি ও উদ্দেশ্যমূলক বাধা এবং হয়রানির পরেও দৈনিক আমার দেশ পত্রিকা ছাপাতে সরকারের বাধা না দেয়া সংক্রান্ত তথ্যমন্ত্রীর দাবি সম্পূর্ণ মিথ্যা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
‘এ পরিস্থিতিতে এটা স্পষ্ট যে, সরকার সম্পূর্ণ আইন বহির্ভুতভাবে পুলিশি জবরদস্তি খাটিয়ে আমার দেশ-এর ছাপাখানা বন্ধ করে রেখেছে। অন্য ছাপাখানায় পত্রিকা ছাপানোর চেষ্টা করলে সেখানেও সরকার নানাবিধ হয়রানি করছে’ অভিযোগ করেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক।
প্রতিবাদলিপিতে বলা হয়, তথ্যমন্ত্রীর কোনো সৎ উদ্দেশ্য থাকলে অবিলম্বে আমার দেশ-এর ছাপাখানার তালা খুলে দিয়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করা হোক।
এতে পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তিসহ আমার দেশ-এর ওপর থেকে সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানায় পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।




0 comments:
Post a Comment