মানবতাবিরোধী অপরাধে আটক দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানির জন্য আগামী ১৮ আগস্ট দিন ধার্য করে দিয়েছেন ট্রাইব্যুনাল।বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আসামিপক্ষ চার সপ্তাহের সময় আবেদন করলে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
সময় আবেদন করে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, প্রসিকিউশনের দেয়া অস্পষ্ট ডকুমেন্ট আজকে মাত্র দাখিল করেছে। এছাড়া মীর কাশেম আলীর সঙ্গে গত চার আগস্ট এ মামলার বিষয়ে সাক্ষাৎ করেছি। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। তাই মামলার প্রস্তুতির জন্য সময় প্রয়োজন।
এদিকে, গত ২৫ জুলাই অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
গত ২৬ মে জামায়াত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১৬ মে প্রসিকিউটর জেয়াদ আল মালুমসহ প্রসিকিউশন টিম ১৪টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর দাখিল করেন।
মীর কাশেম আলীর বিরুদ্ধে আনিত ১৪টি অভিযোগের মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগ ছাড়া বাকি সব অভিযোগই অপহরণ করে নির্যাতনের বর্ণনা রয়েছে।
গত ৬ মে মীর কাশেম আলীর বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করে তদন্ত সংস্থা প্রসিকিউশনে জমা দেন।
গত বছরের ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর ওইদিন বিকেলে মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয় (দিগন্ত মিডিয়া করপোরেশন) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।




0 comments:
Post a Comment