খুলনা: খুলনা সিটি করপোরেশন (সিটি) নির্বাচনে ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম ও ১৮ দল সমার্থিত মেয়রপ্রার্থী মো. মনিরুজ্জামান মনি প্রতিকূল অবস্থার মধ্যেও ভোটকেন্দ্রে হাজির হয়ে পরিবর্তনে জন্য তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, সম্মিলিত নাগরিক কমিটি ও ১৪ দল সমার্থিত মেয়রপ্রার্থী তালুকদার আবদুল খালেক মৃত শিল্পনগরী খালিশপুরকে উজ্জীবিত করতে তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সকালে মনিরুজ্জামান মনি নগরীর ব্যবসা কেন্দ্র বাজার এবং অফিস পাড়ায় গণসংযোগ করেন। তিনি নানা প্রতিকূল অবস্থার মধ্যেও ভোটকেন্দ্রে হাজির হয়ে পরিবর্তনের জোয়ারে অংশ নিতে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটগ্রহণ আর ফলাফল নিয়ে নানা যড়যন্ত্র চলছে।
এসময় তার সঙ্গে স্থানীয় ১৮ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, খালিশপুর শিল্প এলাকার বিভিন্ন জুট মিলে গণসংযোগ করেছেন ক্ষমতাসীন ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী তালুকদার আবদুল খালেক।
তিনি মৃত শিল্পনগরী খালিশপুরকে পুনরায় উজ্জীবিত করতে এবং বন্ধ কল কারখানা চালুর জন্য তালা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। এই সময় স্থানীয় ১৪ দলের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
জাপা সমার্থিত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু আজ নগরীর লবনচোরা এলাকায় গণসংযোগ করে নতুনদের সেবা করার সুযোগ দানের জন্য তার দোয়াত-কলম মার্কায় ভোট দিতে আহবান জানান। দুপুরে তিনি নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন।
ভোটের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের সঙ্গে ভোটাররাও নড়েচড়ে বসছেন। হিসাব–নিকাশ করছে ১৫ জুন ভোটে জয়ের পাল্লা কার দিকে থাকবে।




0 comments:
Post a Comment