চলতি সপ্তাহের মধ্যেই বিরোধী নেত্রীর কাছে এ চিঠি পৌঁছানো হবে বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জাস্ট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। চিঠির খসড়াও ইতোমধ্যে তৈরি হয়েছে। এ নিয়ে সরকারের নীতিনির্ধারণী মহলে আলোচনা-পর্যালোচনা হচ্ছে।
সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন সরকার নিয়ে কোথায় কিভাবে সংলাপ করা যায় এবং আলোচ্যসূচি কি হবে তা চিঠিতে থাকছে। বাংলাদেশে সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো ঢাকায় অবস্থানকালেই ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সংলাপের চিঠি বিরোধী দলের নেত্রীর কাছে পৌঁছাবে বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশে সফররত জাতিসংঘের এ দূত ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আসন্ন নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে জাতিসংঘের আগ্রহের কথা তুলে ধরেন তিনি।
সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে সংলাপের তাগিদ দেন তারানকো। আজ সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছিলেন। এরপরই সংলাপের আলোচনা শুরু হয়। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছিলেন, সংলাপের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়া হবে।




0 comments:
Post a Comment