ঢাকা: তারেক রহমান কোনো রাজনৈতিক ইস্যুর মধ্যে পড়েন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
তিনি এটা নিয়ে বিএনপিকে ইস্যু না করার আহবান জানিয়েছেন।
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশরত্ন পরিষদ আয়োজিত মুজিব বাহিনীর অন্যতম সংগঠক ও সাবেক এমপি মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তারেক রহমান এদেশে কোনো ইস্যু না। ইস্যু হলো হাওয়া ভবনের দুর্নীতি। এই দুঃসহ স্মৃতি থেকে মানুষ মুক্ত হতে চায়। তাই এই নন ইস্যুকে দয়া করে ইস্যু করবেন না।’
তিনি আরো বলেন, তারেক রহমানকে নিয়ে আলোচনা করা আমার রুচিহীন মনে হয়। কেন না আমি যুদ্ধ করেছি তার বাবার সঙ্গে। আর রাজনীতি করেছি তার মায়ের সঙ্গে।
তারেক রহমানকে দেশে আসার আহবান জানিয়ে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘আপনি তো এ দেশেরই ছেলে। আপনাকে দেশে এসেই রাজনীতি করতে হবে। তাই আপনি এদেশে চলে আসুন। আইনি সমস্যা থাকলে সেটি আইনের মাধ্যমেই সমাধান করুন।’
এ সময় বিরোধী দলকে হরতাল ও আন্দোলন প্রত্যাহার করে সংসদে আসার আহবান জানিয়ে তিনি বলেন, রাজপথে আন্দোলন না করে সংসদে আসুন। রাজপথে আন্দোলন করে সরকারের পতন হয় না। সরকারের পতন হবে সাংবিধানিকভাবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।
সংগঠনটির সভাপতি সৈয়দা রাজিয়া মোস্তফার সভাপতিত্বে সভায় হুমায়ুন কবির মিজি, আব্দুল হাই কানু, আসাদুজ্জামান দুর্জয়, আতিকুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।




0 comments:
Post a Comment