ঢাকা : বিভিন্ন ধরনের মামলায় ৬ মাসের জামিন পেয়েছেন বিএনপির ৬ নেতা। তারা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমান এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের ৬ মাসের এ জামিন মঞ্জুর করেন।
জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার তাসমীয়া প্রধান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
জামিন দেওয়ার পরে আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, গত ২ মার্চ মালিবাগে মিছিল ও ৬ মার্চে বিএনপির অফিসের সামনের মিছিলের পরে পৃথক ৩ থানায় ৫টি মামলা করে পুলিশ। আজ (বৃহস্পতিবার) ওই সব মামলার জামিন আবেদন করলে তাদের জামিন দিয়েছেন আদালত।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মির্জা আব্বাস ৭টি , গয়েশ্বর চন্দ্র রায় ৬টি, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ৫টি, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১টি ও আমান উল্লাহ আমান ৬টি এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ৫টিসহ মোট ৩০টি মামলায় জামিন পেয়েছেন।
গত ২৮ এপ্রিল তারা একাধিক মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে বিভিন্ন মামলায় বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।
গত ৬ মার্চ নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর সেদিনই পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দেয়। তার আগে গত ২ মার্চ মালিবাগসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিনও পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দেয়। ওই মামলাগুলো হলো -পল্টনে ২টি রমনাতে ২টি ও শাহজাহানপুরে ১টি।




0 comments:
Post a Comment