ঢাকা: একদিনের ব্যবধানে ফের হরতাল ডেকেছে বিরোধী জোট। বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এ নিয়ে বিভিন্ন দাবি আদায়ে বিএনপি আওয়ামী লীগের বর্তমান আমলের সাড়ে চার বছরে ৩৫ দিন হরতাল কর্মসূচি দিলো। যার মধ্যে চলতি সপ্তাহের রবিবার হরতাল পালন করে ১৮ দল।
সোমবার রাতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর সংবাদ সম্মেলনে বুধবারের হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
এ সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ জানান, যেটি গতকাল রবিবার দুদকের এক আবেদনে আদালত জারি করেন।
মঈন খান বলেন, তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে আগামী বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে ১৮ দল।
তিনি জোটের নেতাকর্মীদের এই হরতাল সফলের আহ্বান জানান।
এর আগে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা জরুরি বৈঠক করে। বৈঠকের সিদ্ধান্তই ঘোষণা করেন মঈন খান।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রেদোয়ান উল্লাহ শাহিদি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, বিজেপির প্রেসিডিয়াম মেম্বর আশিকুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।




0 comments:
Post a Comment