আবেদ হুসাইন মন্জু :
ঢাকা: নতুন গ্যাস সংযোগ না দেয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারক নাঈমা হায়দার ও বিচারক জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এতে নতুন করে গ্যাস সংযোগ দিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গত বছরের ১ সেপ্টেম্বর ‘গ্যাস সংযোগ বন্ধ করে দুর্নীতির ক্ষেত্র তৈরি’ এবং ৭ সেপ্টেম্বর ‘চট্টগ্রামে নতুন গ্যাস সংযোগ দেয়া হয়েছে ৩০ হাজার!’ শিরোনামে দৈনিক প্রথম আলো পত্রিকায় দুটি প্রতিবেদন ছাপা হয়।
প্রতিবেদন দুটি যুক্ত করে ওই বছরের ৮ নভেম্বর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদন করেন মনজিল মোরসেদ।
রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ তদন্ত করতে এবং এর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের খুঁজে বের করে প্রতিবেদন দাখিলে নির্দেশ দেয়া হয়।
অপর নির্দেশনায় সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত নতুন করে কোনো গ্যাস সংযোগ না দিতে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।
সরকার ২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেয়া বন্ধ ঘোষণা করে।
চলতি বছরের মার্চে আবেদনকারীপক্ষ হাই কোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করে। আজ এর ওপর শুনানি হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশিরউল্লাহ।




0 comments:
Post a Comment