চট্টগ্রাম: নাস্তিক, ইসলাম বিদ্বেষী ও তাদের সহযোগিদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে দেশের নারী সমাজের প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
একই সঙ্গে তিনি কারও চাপে পড়ে আগামী ২৭ এপ্রিল রাজধানী ঢাকার নারী সমাবেশ বাস্তবায়নে নারী শ্রমিকদের ব্যবহার করতে না দেয়ার জন্য পোশাক শ্রমিক, মালিক সংগঠনসহ বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।
রবিবার সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে আল্লামা শাহ শফী এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে তৌহিদী জনতার মহাজাগরণ দেখে ভীত ও দিশেহারা হয়ে নাস্তিক-বামপন্থি ও তাদের সহযোগীরা মিথ্যার আশ্রয় নিয়ে সরলমনা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে।
‘এজন্য তারা কর্মজীবী নারীদের ভুল বুঝিয়ে রাজনীতির মাঠে নামতে উসকে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে সরকার ও বামপন্থি নাস্তিকদের নেতৃত্বাধীন কিছু নারী সংগঠন, এনজিও বিভিন্ন নামে ইতোমধ্যেই রাস্তায় মানববন্ধন, সভা-সেমিনার করে হেফাজতে ইসলামের দাবির ব্যাপারে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। তাদের সহযোগিতা করছে সুশীল সমাজ নামধারী কতিপয় ইসলাম বিদ্বেষী’- যোগ করেন তিনি।
শফী বলেন, এসব ইসলাম বিদ্বেষীরা হেফাজতের ব্যাপারে নানা বিষোদগার করছে। হেফাজতের দাবি মানা হলে ‘দেশ মধ্যযুগে ফিরে যাবে’ এবং ‘তালেবানী রাষ্ট্রে পরিণত হবে’ বলে কাল্পনিক বক্তব্য দিচ্ছে। কিন্তু ৯০ ভাগ মুসলমানের এই দেশে নাস্তিক মুরতাদ ও তাদের দোসরদের এই অপচেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, ‘যারা আজ হেফাজতের বিরুদ্ধে নারীদের মাঠে নামানোর চেষ্টা করছে, তারা অতি পরিচিত মুখ। তাদের বেশিরভাগই শাহবাগের নাস্তিকদের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চে গমনকারী এবং তাদের সঙ্গে একাত্মতা পোষণকারী।’
তবে এসব চিহ্নিত ইসলাম বিদ্বেষীদের কথায় এদেশের ধর্মপ্রাণ নারী সমাজসহ তৌহিদী জনতা বিভ্রান্ত হবে না বলেও আশা প্রকাশ করেন শাহ শফী।
তিনি হেফাজতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। বলেন, এদেশের তৌহিদী জনতা ছোট-খাট সকল মতভেদ ভুলে ইমানি দাবিতে এক হয়েছে। হেফাজতের ১৩ দফা দাবি পূরণের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও জীবনবোধের প্রতি সম্মান প্রদর্শন করাই হবে সময়োচিত পদক্ষেপ।
এর বাইরে অন্য চিন্তা করলে হেফাজতে ইসলাম দাবি আদায়ে তৌহিদী জনতাকে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেন আল্লামা শফী।
তিনি বলেন, ‘হেফাজতের ১৩ দফা দাবির মধ্যে নারীদের ইজ্জত-আবরু রক্ষাসহ তাদের অধিকার নিশ্চিত করার দাবিই অন্তর্ভুক্ত রয়েছে। নারীরা ঘরের বাইরে বের হতে পারবে না কিংবা চাকুরি করতে পারবে না- এমন কোনো বিষয় দাবির মধ্যে নেই। এ ব্যাপারে আমাদের দাবির বিস্তারিত ব্যাখ্যাও দেয়া হয়েছে।’
হেফাজতে ইসলাম নারী অবদমন নয় বরং নারীদের মর্যাদা, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় জোরাল ভূমিকা নিচ্ছে বলে দাবি করেন সংগঠনটির আমির।
আল্লামা শফী ইমানি দাবি আদায়ে আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার আহবান জানিয়ে বলেন, ‘কর্মসূচি বানচাল করতে নারীদের মাঠে নামার চেষ্টা কিংবা অন্য কোনো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে কোনো লাভ হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’




0 comments:
Post a Comment