ইসলামাবাদ, ১৯ এপ্রিল :
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়া পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত চাক শাহজাদের খামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০০৭ সালের মার্চে হাইকোর্টের বিচারপতিদের গৃহবন্দী ও বরখাস্ত করার দায়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পর
ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের সহায়তায় আদালত থেকে পালিয়ে যান মোশাররফ। এরপর নিজের খামার বাড়ি চাক শাহজাদে অবস্থান করলে তাকে গৃহবন্দি করা হয়।
পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানায়, পাকিস্তান রেঞ্জার্স এবং পুলিশের বিশেষ বাহিনী শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর মোশাররফকে ইসলামাবাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট লাহোর হাইকোর্ট থেকে বেনজির ভুট্টো হত্যা মামলায় ২৪ এপ্রিল পর্যন্ত জামিনে রয়েছেন।
১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ।
গত মাসে দীর্ঘ চার বছরের স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরেন সাবেক এই একনায়ক। ইতোমধ্যেই চারটি আসনেই তার মনোনয়নপত্র অবৈধ হওয়ায় তিনি আগামী ১১ মে অনুষ্ঠেয় দেশের সাধারণ নির্বাচন থেকে ছিটকে পড়েছেন।
সূত্র : ডন ও এনডিটিভি




0 comments:
Post a Comment