সেমিনারে বক্তারা বলেন, ইসলাম সবচেয়ে বেশি নারীর অধিকার ও মর্যাদা দিয়েছে। কোরআন-হাদিসের আলোকে হেফাজতে ইসলাম নারীদের সম্মান বৃদ্ধির দাবি জানিয়েছে। নারী স্বাধীনতার নামে বেহায়াপনার বিপক্ষে হেফাজতের অবস্থান ও আমাদের অবস্থান অনঢ় থাকবে। কিন্তু দেশের সহজ-সরল দরিদ্র মুসলিম গার্মেন্ট কর্মীসহ নারী শ্রমিকদের ক্ষেপিয়ে তুলে বিশেষ ফায়দা লুটতে একটি মহল তৎপর রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ সমর্থক নারী সংগঠন ইসলামী রেনেসাঁর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
‘নারীজাগরণ ও মুসলিম নারীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান আলোচক মুক্তিযোদ্ধাপত্নী তাজনীন মাহবুবা।
সেমিনারে বক্তারা অভিযোগ করেন, কথিত সেক্যুলার নারী জাগরণ মঞ্চ ইসলাম ও রাসূলকে (সা.) নিয়ে কটূক্তিকারী নাস্তিক-ব্লগারদের রক্ষায় মাঠে নেমেছে। তারা এজন্য হেফাজতে ইসলামের নারী নীতি সংক্রান্ত দাবির অপব্যাখ্যা করছে।
প্রধান আলোচক হিসেবে তাজনীন মাহবুবা বলেন, ‘দেশের বিরাজমান সংঘাতের সূচনা চলমান আন্দোলন থেকে শুরু হয়েছে এটা মনে করা ভুল হবে। বর্তমান সঙ্কটের গোড়া এতো গভীরে প্রোথিত, যতো গভীরে প্রোথিত উগ্র ধর্ম নিরপেক্ষবাদের বুনিয়াদ। আজ বিশেষভাবে কথা উঠেছে নারী উন্নয়ন নীতিকে ঘিরে। আমাদের প্রশ্ন হলো নারী নীতি কি দেশীয় পরিবেশ পরিস্থিতির ওপর ব্যাপক ও দীর্ঘতম কোনো গবেষণা রিপোর্ট বা জরিপের ফল?’
এই নারী নীতি বাংলাদেশের নারীদের প্রকৃত আর্থ-সামাজিক সমস্যার বাস্তবসম্মত সমাধানের প্রতিফলন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘এতে বিশেষ আদর্শ ও চিন্তাধারার কতিপয় নারীবাদী থিংকট্যাংকেরই ইচ্ছা প্রকাশ পেয়েছে। এটি বিদেশি প্রেসক্রিপশন ও সনদের অনুকরণ ছাড়া আর কিছু না।’
নারী উন্নয়ন নীতির পক্ষে এবং মৌলবাদীদের ঠেকানোর স্লোগান দিয়ে নারীবাদী সংগঠনগুলোর লেজুরবৃত্তির তৎপরতার তীব্র নিন্দা প্রকাশ করে তিনি বলেন, ‘ইসলামপন্থীদের নারী সমাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর যে হীন চেষ্টা চলছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার যে অপপ্রয়াস চলছে তা আমরা কখনো সফল হতে দেব না।
সভাপতির বক্তব্যে মুহছেনা ফয়জী বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই যে, হেফাজতে ইসলামের নারী সংক্রান্ত দাবি যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত। যার পক্ষে আমরা নারী সমাজের ব্যাপক জনসমর্থন গড়ে তুলব।’
তিনি আশা প্রকাশ করে বলেন, হেফাজতে ইসলামের উচিৎ চলমান আন্দোলনে মুসলিম নারীদের সম্পৃক্ততার জন্য কাজ করা।
নারী নেত্রী ফাতেমা খাতুন রুনা বলেন, ‘দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা করে পুরো নারী সমাজকে অপমানিত করেছে।’
শিক্ষিকা উম্মুল ফয়জী রুমী বলেন, ‘বাংলাদেশের নারীবাদী আন্দোলন হলো ইউরোপীয় সভ্যতার ধারাবাহিকতারই একটি অংশ যা বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’




0 comments:
Post a Comment