নিজস্ব প্রতিবেদক ঢাকা: একাত্তরে মানবততাবিরোধী অপরাধে মামলায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেরিতে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহর প্রতি আস্থা দেখিয়েছেন।
মঙ্গলবার প্রথম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে
তার মামলার দিনের কার্যক্রম শেষে আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের সঙ্গে
আলাপকালে তিনি এসব কথা বলেন।
ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে
বিএনপির এ নেতা নিজেকে গ্যালারির দর্শক দাবি করে বলেন, আমি এখন গ্যালারির
দর্শক; শুধু বসে বসে দেখছি।
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের
মামলায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর
বিরুদ্ধে প্রসিকিউশনের ২৮তম সাক্ষী পরিতোষ কুমার পালিতের জেরা মঙ্গলবার শেষ
হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার দিন ধার্য করেছেন
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন
সদস্যের ট্রাইব্যুনাল।
এদিকে ট্রাইব্যুনালে তার মামলার কার্যক্রম
শেষে এজলাস ত্যাগ করার সময় সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী
হাসিনার বিশ্বাস ফিরে এসেছে। পত্র-পত্রিকার খবর পড়ে জানতে পারলাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে এসেছেন।
এসময় তিনি তার আইনজীবী ব্যারিস্টার ফখরুলের সঙ্গে দেশের রাজনৈতিক বিষয়ে কথা বলেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট সালমা হাইয়ের কাছে তিনি জানতে চান,
দেশের খবর কী। জবাবে সালমা হাই বলেন, “আমার চেয়ে আপনি ভাল বলতে পারবেন।”
ওই সময় তিনি অট্টহাসি হেসে বলেন,
‘ক্ষমতায় কে আসবে আল্লাহ ভাল জানে’ প্রধানমন্ত্রীর এ মন্তব্য পড়ে ফখরুল
সাহেব, বহুদিন পরে আমার খুব ভালো লেগেছে।
তিনি বলেন, “সিরাতুল মোস্তাকিমের পথে প্রধানমন্ত্রী অনেক দেরি করে হলেও ফিরে এসেছেন। আল্লার প্রতি আস্থা দেখিয়েছেন।”
পরে এ বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে তিনি এ মন্তব্য করেছেন।
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর
বিরুদ্ধে গত ১৪ মে থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে প্রসিকিউশনের সাক্ষী
হিসেবে ২৭ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ তাদের জেরা করেছে।
গত ৪ এপ্রিল সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ২৩টি ঘটনায় ৭২টি অভিযোগ গঠন করা হয়।




0 comments:
Post a Comment