তাজা নিউজ
ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার দুই বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে চার বিচারকের বেঞ্চ এ আদেশ দেন।
বেঞ্চের অপর তিন বিচারক হলেন মো. আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন ও ছিদ্দিকুর রহমান মিয়া।
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর ১ এপ্রিল শুনানি শুরু হয়।
গত ৪ এপ্রিল আপিল বিভাগের বিচারক সুরেন্দ্র কুমার সিনহা ও এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে শুনানি থেকে বিরত রাখার জন্য কাদের মোল্লার করা দুটি আবেদন আদালতে দাখিল করা হয়।
বিচারক জনাব সিনহা ও চৌধুরীর আগের নানা কর্মকাণ্ড তুলে ধরে এই আপত্তি জানায় আসামিপক্ষ।
তখন আদালত বলেন, দাখিল করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো সংবাদ প্রকাশ ও প্রচার করা যাবে না।
তবে হরতালে আবেদনকারীপক্ষের আইনজীবী না থাকায় ওই আবেদনের ওপর শুনানি হয়নি। সোমবার আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
কাদের মোল্লার দাখিল করা দুটি আবেদনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও কাদের মোল্লা আপিল করেন।




0 comments:
Post a Comment