ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদ উপনেতা সৈয়দা
সাজেদা চৌধুরী রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। রোববার
আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠকে তিনি ক্ষুব্ধ হয়ে এ কথা বলেন।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সকাল এগারোটায় শুরু হওয়া এই বৈঠকৈ শুরু থেকেই নিশ্চুপ ছিলেন
আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেত্রী। এমনকি দলটির উপদেষ্টা পরিষদের সদস্য
তোফায়েল আহমদ রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদের নাম যখন প্রস্তাব করেন তখন
অন্যান্য জেষ্ঠ্য নেতা আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্তসহ দলের প্রায়
সকলেই তার বক্তব্যকে সমর্থন করেন। তখনও চুপ করেছিলেন সাজেদা চৌধুরী।
ওই সূত্র জানায়, বৈঠকের একেবারে শেষের দিকে মাইক নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে
সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, আমি অনেক ক্লান্ত, শ্রান্ত। বঙ্গবন্ধুর সময় থেকে
রাজনীতি করছি, মুক্তিযুদ্ধ করেছি। এখন আমার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। আমি
রাজনীতি থেকে অবসরে যেতে চাচ্ছি।
সূত্র আরও জানায়, সাজেদা চৌধুরী কথাগুলো বলার সময় বিষয়টি আমলে নেননি দলীয়
সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তোফায়েল আহমদ শান্ত করার
চেষ্টা করেন সাজেদা চৌধুরীকে।
বিশ্বস্ত সূত্র মতে, রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যাবার পর নিজের
ঘনিষ্ঠজনদের দিয়ে রাষ্ট্রপতি হবার ইচ্ছের কথা শেখ হাসিনাকে জানিয়েছিলেন
সাজেদা চৌধুরী। বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হওয়ার বাসনা পেয়ে বসেছিল
আওয়ামী লীগের দুঃসময়ের এ নেত্রীকে।
বৈঠকে সর্বসম্মতিক্রমে আব্দুল হামিদের নাম মনোনীত হওয়ার পর আওয়ামী লীগের
একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যেয়ে দলীয় প্রার্থীর নাম দিয়ে আসেন। ২৯
এপ্রিল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি হতে চলেছেন
আব্দুল হামিদ।
0 comments:
Post a Comment