নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে ঈদের পর সরকারকে এক দফার আন্দোলন মোকাবেলা করতে হবে বলে সর্তক করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাবের) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন করছে দাবি করে ফখরুল বলেন, ‘সরকারকে অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় ঈদের পর এক দফা আন্দোলন শুরু হবে।’
বিএনপির মিথ্যাচার ঢাকতে এই বিলবোর্ড প্রচারণা- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই মিথ্যাচার করায় জনগণ তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে।
‘জনগণ সরকারকে ছুঁড়ে ফেলেছে, সুতরাং বিলবোর্ড দিয়ে শেষ রক্ষ হবে না। তারা সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভোটের অধিকার রক্ষায় আন্দোলন করছে’, বলেন বিএনপির মুখপাত্র।
এ সময় অন্যদের মধ্যে ড্যাব কেন্দ্রীয় সভাপতি ডা. একেএম আজিজুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাব সাধারণ সম্পাদক ডা. এজেড এম জাহিদ হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ড্যাবের সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম, ডা. আবদুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।




0 comments:
Post a Comment